পাহাড়ের দৃশ্য, প্রেমের কবিতার মতো দুটি পঙ্ক্তি আর দীর্ঘ অপেক্ষার অবসানের বার্তা—এভাবেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। নিজের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘সুবহ আয়ে না’–এর গান ‘সফর মে হুঁ’–এর অফিসিয়াল মিউজিক ভিডিওর প্রথম ঝলক প্রকাশ করেছেন তিনি। পূর্ণাঙ্গ ভিডিও আসছে শিগগিরই। তবে কবে নাগাদ এটি প্রকাশিত হবে, তা এখনো জানাননি গায়ক।
বৃহস্প্রতিবার (২২ অক্টোবর) ইনস্টাগ্রামে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের একটি পোস্টার শেয়ার করে আতিফ লিখেছেন, দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন উর্দুতে লেখা দুটি পঙ্ক্তি, যেখানে প্রেম আর বিচ্ছেদের আশঙ্কা মিশে আছে একই সুরে। বাংলা করলে দাঁড়ায়, ‘আমি এক সফরে আছি, আর তুমিই প্রেম—তোমাকে ছেড়ে দিই কী করে? তুমি শিশির, আমি ভোর—তোমাকে ছাড়া বাঁচি কী করে?’
প্রিয় মানুষকে ভোরের শিশিরের সঙ্গে তুলনা—চিত্রকল্পটি যেমন কোমল, তেমনি এর মধ্যে আছে হারিয়ে ফেলার ভয়। ভোরের আলো ফোটার আগেই শিশির মিলিয়ে যায়; সেই ক্ষণস্থায়িত্বের মধ্যেই যেন লুকিয়ে আছে প্রেমের আকুলতা। গানের এই পঙ্ক্তি আবার অ্যালবামের নাম ‘সুবহ আয়ে না’–এর সঙ্গেও একধরনের কাব্যিক যোগ তৈরি করে। পাহাড়ের নিসর্গ আর প্রেমের এমন আবহ মিলিয়ে ভিডিওটির প্রথম ঝলক ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।
আতিফের ভাষায়, ভিডিওর প্রতিটি ফ্রেম যেন একেকটি ছবি, আর প্রতিটি সুর তার হৃদয়ের একেকটি অংশ। শ্রোতাদেরও এই সংগীতযাত্রার সঙ্গী হতে আহ্বান জানিয়েছেন তিনি। তবে পোস্টারে দেখা পাহাড়ি দৃশ্যের বাইরে ভিডিওর গল্প বা নির্মাণশৈলী নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ফলে গানটির আবেগ পূর্ণাঙ্গ ভিডিওতে কীভাবে রূপ পায়, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।
‘সফর মে হুঁ’ গানটি আটটি গান নিয়ে সাজানো ‘সুবহ আয়ে না’ অ্যালবামের অংশ। এতে শিরোনাম গানটির পাশাপাশি রয়েছে ‘ইশ্ক’, ‘লেটস হ্যাভ সাম ফান’, ‘সুন সাজনা’, ‘হুন ইশ্ক মে’, ‘চার ইয়ার’ ও ‘সাচে ওয়াদে’। দীর্ঘ ১৮ বছর পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ। তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে।
অবশ্য এই দীর্ঘ বিরতিতে সংগীত থেকে দূরে ছিলেন না আতিফ। মঞ্চে নিয়মিত পরিবেশনা, চলচ্চিত্রের গান এবং নানা বাণিজ্যিক প্রকল্পে কাজ করেছেন তিনি। কিন্তু পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে বিরতিটা ছিল দীর্ঘ। এর আগে ‘জল পরি’ ও ‘দুরি’–এর মতো অ্যালবাম তাকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পপ-রক সংগীতশিল্পীদের সারিতে জায়গা করে দিয়েছিল। তার কণ্ঠের আবেগময়তা, সহজে মনে গেঁথে যাওয়ার মতো সুর এবং প্রেম-বিরহের গান তাকে আলাদা শ্রোতাগোষ্ঠী এনে দিয়েছে।

‘সুবহ আয়ে না’ প্রকাশের আগে আতিফ জানিয়েছিলেন, এবার তিনি নিজের সংগীতের শিকড়ে ফিরতে চেয়েছেন। দীর্ঘদিনের মঞ্চ পরিবেশনা ও বাণিজ্যিক কাজের অভিজ্ঞতার পর এমন গান তৈরি করাই ছিল তার লক্ষ্য, যেখানে নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও সৃজনশীল প্রবণতার প্রতিফলন থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে নতুন অ্যালবামকে কেবল পুরোনো শ্রোতাদের কাছে ফিরে যাওয়ার আয়োজন হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি তার সংগীতজীবনের নতুন অধ্যায়ও হতে পারে।
আতিফ ভবিষ্যতে আরও নিয়মিত অ্যালবাম প্রকাশের ইচ্ছার কথাও জানিয়েছেন। তাই ‘সুবহ আয়ে না’ তার কাছে একদিকে দীর্ঘ বিরতির পর পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফেরা, অন্যদিকে সামনে এগিয়ে যাওয়ার নতুন সংকল্প। আর ‘সফর মে হুঁ’–এর প্রথম ঝলক সেই যাত্রারই একটি অংশ।

এখন অপেক্ষা পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওর। আপাতত আতিফ ভক্তদের সামনে রেখেছেন পাহাড়ের নিস্তব্ধতা, প্রেমের দুটি পঙ্ক্তি আর অপেক্ষার অবসান ঘটানোর প্রতিশ্রুতি। ভিডিওটি প্রকাশিত হলে বোঝা যাবে, এই দৃশ্য ও সুর মিলিয়ে তিনি প্রেমের গল্পটিকে ঠিক কোন পথে নিয়ে যেতে চান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









