ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি।
বুধবার (৫ জুলাই ) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামে জুলাই শহীদ নূরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জুলাই শহিদ নূরের বাবা আবুল বাশার। আবেগআপ্লত কণ্ঠে তিনি বলেন, ‘‘ভবিষ্যতে আর কোনো মেধাবী সন্তান যেন এভাবে শহিদ না হয় এবং কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়।’’
তিনি সন্তান হত্যার সঙ্গে জড়িত সকলের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে গফরগাঁও উপজেলা পরিষদের হলরুমে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপি নেতা শেখ মো. ইসহাক,ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









