জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ভোরে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিনের প্রথম প্রহরে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো অপচেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না।’’
তিনি আরও বলেন, ‘‘৪ আগস্ট সিলেটে সংঘটিত সহিংসতায় গোলাপগঞ্জে সাতজন, বিয়ানীবাজারে তিনজন এবং সিলেটে তিনজন শহীদ হন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’’
সিসিক প্রশাসক আরও বলেন, ‘‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন এবং অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। তবে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন থেকে কখনো পিছু হটেননি। শেষ পর্যন্ত জনগণের বিজয় প্রতিষ্ঠিত হয়েছে।’’
এ সময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জাল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুরশেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









