চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাওয়ার টিলার নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে টিমন পাওয়ার টিলার চালিয়ে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের সাথে পাওয়ার টিলারটির সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশের ওই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









