সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬০ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৬৪ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৮৫ জনের শরীরে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।
এদিকে, একই সময়ে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









