ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আওয়ারাপান ২’ মুক্তির আগে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে। তবে এর আগে ছবিটির ৯টি দৃশ্য ও সংলাপে কাটছাঁট ও পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এসব সংশোধনের পর ছবিটি ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট লাভ করেছে।
এর ফলে ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধানে সিনেমাটি দেখতে পারবেন।
৫ আগস্ট ২০২৬ প্রকাশিত সেন্সর সনদ অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও এতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত রাখা হয়েছে।
সেন্সর বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত সহিংসতা ও মাদক-সংক্রান্ত কয়েকটি দৃশ্যের কারণে ছবিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। অডিও ও সাবটাইটেল থেকে আপত্তিকর শব্দ বাদ দিয়ে তুলনামূলক শালীন শব্দ ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে রক্তক্ষয়ী দৃশ্যগুলোর তীব্রতা প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরাসরি মাদক সেবনের কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে।
এছাড়া ছবিতে মাদক ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশও বাস্তবায়ন করা হয়েছে।
সব মিলিয়ে সিবিএফসির নির্দেশে প্রায় ৪ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত ২০ সেকেন্ডের একটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপান’র সিক্যুয়েল হিসেবে প্রায় ১৯ বছর পর নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









