তীব্র গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ভৌতিক বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নরসিংদী জেলার ‘১১ দলীয় ঐক্য’।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এর কাছে এই স্মারকলিপি জমা দিয়েছেন জেলার ১১ দলের নেতাকর্মীরা। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাত হোসেন সাথে ছিলেন।
দেশের সাধারণ জনগণ বর্তমানে গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক ও ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে চরম দুর্ভোগের শিকার। এসব সমস্যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই এর বিরূপ প্রভাব পড়ছে।
এমতাবস্থায় দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে দাবিসমূহ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নেতারা।
ছয় দফার অন্যান্য দাবিগুলোর মধ্যে ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও জনগণের স্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁইয়া, সদর উপজেলা আমীর মাহফুজ ভূঁইয়া, শহর আমীর আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার, ছাত্রশিবিরের জেলা সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









