বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









