ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্টনগর গ্রামে জুলকারনাইন জামে মসজিদ কমিটির উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জুলকারনাইন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফোর্টনগর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন জুলকারনাইন জামে মসজিদ ও আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, জুলকারনাইন জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এবং কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
র্যালিতে মসজিদ কমিটির সদস্য, সমাজকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









