ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম।
শুক্রবার (৭ আগস্ট) ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হয়ে তিনি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। পরে আদালত মামলাটি নিষ্পত্তি করে বন্ধ ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ‘অমীমাংসিত মতপার্থক্য’-এর কথা উল্লেখ করেন। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।
মামলার শুনানি চলতি বছর একাধিকবার পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে জানান, তিনি আবেদনটি প্রত্যাহার করতে চান। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন।
গত মাসে নির্ধারিত শুনানিতেও বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে সময় চান। এর আগের কয়েকটি শুনানিতেও একইভাবে উভয় পক্ষের আইনজীবীরাই আদালতে উপস্থিত ছিলেন।
শুক্রবার সঙ্গীতার আনুষ্ঠানিক আবেদন গ্রহণের পর আদালত মামলাটি বন্ধ করে দেয়। এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে আলোচিত এই বৈবাহিক বিরোধের আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য জীবন প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০২৩ সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শুরু হয়। যদিও তখন এসব গুঞ্জন অস্বীকার করা হয়েছিল। পরে ২০২৫ সালে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে আসে।
উল্লেখ্য, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে দলটি সরকার গঠন করে, যার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সি জোসেফ বিজয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









