চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেলের স্বজনরা জানান, চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাসেল কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। কাপ্তাই উপজেলার রাইখালী ফেরার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় কাপ্তাই থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রথমে সড়কের ওপর একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটরসাইকেল বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
মারাত্মকভাবে আহতাবস্থায় বাদশা নামের এক সিএনজি অটোরিকশা চালক এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই নিহত রাসেলের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। এ সময় তাদের বুকফাটা বিলাপে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনার পরই খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









