কুষ্টিয়ায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪ হাজার ১২০ টাকা ও একটি বাটন মোবাইল ফোনসহ আজিজুল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজানগর বাজার এলাকায় এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাজানগর বাজারে জনতা ব্যাংকের সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজিজুল শেখকে আটক করে তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ হাজার ১২০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আজিজুল শেখ কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন শেখ এবং মায়ের নাম নুরজাহান খাতুন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









