পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণি এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগে মো. মাসুদ রানা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বনগ্রাম এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৭টার দিকে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ১০ বছর বয়সী ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পথে একটি নির্জন স্থানে অভিযুক্ত মাসুদ রানা তাকে কুপ্রস্তাব দেয় এবং তার হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে দেখে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









