সিলেটের বিশ্বনাথে একটি মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাউল শিল্পী পেহেলী ভৈরবী (১৭)। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গানের আসরে দর্শকদের মাতিয়ে রাখা এই তরুণ শিল্পীর আর বাড়ি ফেরা হলো না। সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের একজন ছিলেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন পেহেলী। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হযরত ছাবাল শাহ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈরাগী বাজারের ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়ে আশপাশের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন পেহেলী। সেটিই হয়ে রইল তার জীবনের শেষ ফেসবুক পোস্ট।
পুলিশ জানায়, নিহত পেহেলী ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। দুর্ঘটনায় নিহত নয়জনের মধ্যে তিনিও ছিলেন।
মাত্র ১৭ বছর বয়সেই বাউল ও লোকসংগীতের অঙ্গনে পরিচিতি পাওয়া পেহেলীর অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









