রাজশাহীর চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফায়সাল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ এবং চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









