সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ সমীকরণের সামনে বাংলাদেশ। আগামীকাল মাঠে নামছে না স্বাগতিকরা। তবে বাংলাদেশের গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও ভুটান মুখোমুখি হবে রাত ৮টায়। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার হিসাব।
তিন দলের গ্রুপে ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামীকাল ভুটান হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিফাইনাল নিশ্চিত হবে। কারণ, ভুটানের গ্রুপ পর্বের দুই ম্যাচই শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা জয় পেলে বাংলাদেশ ও তাদের পয়েন্ট সমান তিন হবে। তখন আগামী ১১ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি হবে গ্রুপসেরা নির্ধারণের লড়াই।
অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে ভুটানের সামনে জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে। সে ক্ষেত্রে দুই ম্যাচ শেষে ভুটানের পয়েন্ট হবে এক, আর বাংলাদেশের থাকবে তিন। ১১ নভেম্বর শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারলেও ভুটান এক পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানেই থাকবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফল নিয়েও রয়েছে একাধিক সমীকরণ। দুই দল মুখোমুখি লড়াইয়ে ড্র করলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হবে শ্রীলঙ্কা।
তবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হলে ভুটানের সামনে সেমিফাইনালে ওঠার একটি সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে এক গোলের বেশি ব্যবধানে জিততে হবে। তখন রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে ভুটানের।
এদিকে আগামীকাল বেলা সাড়ে ৩টায় দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানেরও জয় প্রয়োজন। ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে ভারতের ম্যাচের দিকে। সে ক্ষেত্রে মালদ্বীপের বিপক্ষে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে।
দর্শকদের জন্য আগামীকালের দুই ম্যাচের টিকিটের দাম ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সাফ টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সজীব শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তবে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









