আধুনিক ও মানসম্মত রোগ নির্ণয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে দিনাজপুরের খানসামায় যাত্রা শুরু করেছে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা বাজার সুপার মার্কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং আধুনিক যন্ত্রপাতি ও সেবার মান সম্পর্কে অবহিত হন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক চিকিৎসার পূর্বশর্ত হলো নির্ভুল রোগ নির্ণয়। আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করা গেলে রোগীরা দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তিনি লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক এবং দক্ষ জনবলের সমন্বয়ে নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা প্রদানই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। সাধারণ মানুষের নাগালের মধ্যে বিশ্বস্ত ও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলেও তারা জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা জানান এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









