গণতন্ত্রের ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। র্যালির আগে ভুলতা হাইস্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘‘যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন বাস্তবতায় পৌঁছেছে, সেই শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে। তাদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।’’
তিনি বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।’’ এ আন্দোলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
দিপু ভূঁইয়া আরও বলেন, ‘‘আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরশাসনের অবসান ঘটেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।’’ তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পরে তার নেতৃত্বে বিজয় র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









