প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে। ফ্লাইটে থাকা প্রায় ২৬০ যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে।
যাত্রীদের বরাতে জানা যায়, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রোমে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় এটি মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি বিমানবন্দরেই অবস্থান করছিল। তবে কখন পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
ফ্লাইটের যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু, বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তার অভিযোগ, যাত্রীদের কাউকে বিমান থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।
তিনি দ্রুত সমস্যার সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, দীর্ঘ সময় গরম ও অস্বস্তিকর পরিবেশে থাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
যাত্রীরা জানান, ঢাকায় ফেরার আগে রোমে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত যাত্রাবিরতি ছিল।
তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার সুনির্দিষ্ট কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









