কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতরে ইয়াবা বহনের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প ৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাকিলা খাতুন গাজীপুর জেলার বাসিন্দা মো. সাইদুর ইসলামের মেয়ে।
৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই শেডে অভিযান চালানো হয়। স্থানীয় ব্লক মাঝি ও হেড মাঝির উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা আরও কয়েকটি ইয়াবার প্যাকেট গিলে ফেলার কথা স্বীকার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রে করে তার পাকস্থলীর ভেতরে পলিথিনে মোড়ানো আরও কয়েকটি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।
হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৩ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, শাকিলার কাছ থেকে উদ্ধার হওয়া ২০টি প্যাকেটে এক হাজার পিস এবং পেটের ভেতর থেকে উদ্ধার হওয়া ৬২টি প্যাকেটে ৩ হাজার ১০০ পিসসহ মোট ৮২টি প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান বলেন, ‘‘আটক নারী ও উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









