শিশুদের নিরাপদ খেলাধুলা ও স্বাস্থ্যকর বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করে পাবনায় প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় পিএস গ্রুপের উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে।
প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের পরপরই শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, শিশুদের অতিরিক্ত মোবাইল ও টেলিভিশন নির্ভরতা কমিয়ে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য প্লে-গ্রাউন্ডে সেফটি ম্যাট, বল পিট, স্লাইডসহ বিভিন্ন আধুনিক ও নিরাপদ খেলার সরঞ্জাম স্থাপন করা হয়েছে। প্রতিটি জোনে থাকবে প্রশিক্ষিত সুপারভাইজারের তত্ত্বাবধান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, “বর্তমান নগরজীবনে শিশুদের খেলাধুলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে।”
তিনি বলেন, “পিএস ডিজনিল্যান্ড শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের সৃজনশীলতা বিকাশ এবং আনন্দময় শৈশব গড়ে তুলতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক রেহানা পারভীন, প্রথমাসহ অনেকে জানান, পাবনায় শিশুদের নিয়ে নিরাপদ পরিবেশে সময় কাটানোর মতো মানসম্মত বিনোদন কেন্দ্রের অভাব ছিল। নতুন এই প্লে-গ্রাউন্ড চালু হওয়ায় শিশুদের স্ক্রিন নির্ভরতা কমবে এবং তারা খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগের সুযোগ পাবে।
পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না বলেন, “শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “শিশুদের জন্য প্রবেশ ও রাইড উপভোগের প্যাকেজ মূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি প্যাকেজের আওতায় শিশুরা দুই ঘণ্টা বিভিন্ন রাইড ও খেলাধুলার সুযোগ পাবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্লে-গ্রাউন্ডটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









