অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের একাধিক চেষ্টা চালানো হয়েছে। বিজিবির সদস্যরা এসব চেষ্টা প্রতিহত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।
বিজিবি সূত্র আরও জানায়, সম্প্রতি সীমান্তে বিজিবির তৎপরতায় প্রায় ৭০ থেকে ৭৫ জনের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে।
সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্তে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের শক্তি বাড়িয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








