গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিওতে দেখা গেছে, তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘‘আপনারা দেখেছেন, সোমবার থেকে সেখানে যৌথ বাহিনী আছে। যাদের ছবি দেখা গেছে, তারা গ্রেপ্তার হবেন এবং বিচারের সম্মুখীন হবেন।’’
তিনি বলেন, “বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ রাজনৈতিক কর্মসূচিও আইনত বৈধ নয়। সেখানে বিভিন্ন জায়গায় সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা কোনোভাবেই মেনে নেবে না।”
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “এ ধরনের কর্মসূচি ঘোষণার কারণে সারা দেশে সাধারণত বড় ধরনের সমস্যা হয় না। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
পুলিশের বল প্রয়োগের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, “পুলিশ বল প্রয়োগের অধিকার রাখে। তবে সেই বল প্রয়োগ হতে হবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যতটুকু প্রয়োজন, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে, সরকার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।”
গোপালগঞ্জে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, “কোথাও দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। শুধু ইচ্ছাকৃত ব্যর্থতার কারণে বদলি করা হয়, বিষয়টি এমন নয়।”
জাহেদ উর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ যদি দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রভাব বিস্তার করেন, সেটি উদ্বেগের বিষয়। সরকার এ বিষয়ে নিজস্ব ব্যবস্থাপনায় নজরদারি করছে।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








