ভোলার চরফ্যাশনে ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি ছুটি শেষ হওয়ার পরও অতিরিক্ত সাত দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
অভিযুক্ত শঙ্কর কৃষ্ণ দাস চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা যায়, শঙ্কর কৃষ্ণ দাস গত ১২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করেন। তবে নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ২৬ জুলাই কর্মস্থলে যোগদান না করে তিনি ২ আগস্ট অফিসে উপস্থিত হন। অর্থাৎ ১৫ দিনের ছুটি নিয়ে তিনি মোট ২২ দিন পর কর্মস্থলে যোগদান করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. রাজন বলেন, “আমার অফিসে কর্মরত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শঙ্কর কৃষ্ণ দাস ১৫ দিনের ছুটি নিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান করতে পারেননি। এ বিষয়ে আমি তার কাছে জানতে চেয়েছি। জবাবে তিনি জানিয়েছেন, পাইলসের চিকিৎসা নেওয়ার কারণে সময়মতো যোগদান করতে পারেননি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









