ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি।’ তিনি বলেন, ব্রিটিশদের হাতে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না। তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণের সমর্থন ছিল না। একইভাবে শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না। ফলে তারাও ক্ষমতায় থাকতে পারেননি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, জনশক্তি বাড়াতে নেতা-কর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত নির্বাচনে ‘ইসলামের পক্ষে একটি বাক্স’—এই ঘোষণা দিয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যেই নির্বাচনে অংশ নেওয়া হয়েছে। সংগঠনটি যা কিছু করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করে।
তিনি আরও বলেন, ইসলামের নামে যারা অনৈসলামিক কার্যক্রম করছে, দেশের মানুষ সময়ের সঙ্গে তাদের প্রত্যাখ্যান করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দাওয়াতি কাজ করতে হলে মানুষের ঘরে ঘরে যেতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দ্বীনের কথা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার পথ তৈরি হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস এম মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সভাপতি এইচ এম হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









