দর্শকদের সামনে নতুন গল্প নিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার অভিনীত ফ্যান্টাসি ছবি ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’র ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবিতে ফাহাদকে দেখা যাবে এক পথের জাদুকরের চরিত্রে, যে মানুষকে নানা কৌশলে বোঝায় তার জাদু সত্যি। কিন্তু এক রহস্যময় শিশুর সঙ্গে পরিচয়ের পর তার সাজানো জীবন পুরোপুরি বদলে যায়। শশাঙ্ক ইয়েলেতি পরিচালিত এবং এসএস রাজামৌলি উপস্থাপিত ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রায় তিন মিনিটের ট্রেলারে ফাহাদকে দেখা গেছে সুরি চরিত্রে। জাদুর নানা কৌশল দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে সে। তবে সবকিছু বদলে যায় এক রহস্যময় ছোট মেয়ের সঙ্গে তার দেখা হওয়ার পর। শিশুটির চরিত্রে অভিনয় করেছেন শিশু অভিনেত্রী সারা পালেকর। সুরির জাদু যেখানে কৌশলনির্ভর, সেখানে মেয়েটির রয়েছে সত্যিকারের অতিপ্রাকৃত ক্ষমতা।

মেয়েটি তার নিখোঁজ বাবা-মাকে খুঁজছে। একপর্যায়ে অনিচ্ছা সত্ত্বেও সুরি তার সন্ধানে সাহায্য করতে শুরু করে। এরপর দুজনের যাত্রা তাদের এমন এক জগতে নিয়ে যায়, যেখানে জাদু আর কোনো ভেলকি নয়। সেখানে সুরির এতদিনের শেখা কৌশলও খুব একটা কাজে আসে না।
ট্রেলারে সুরি ও শিশুটির মধ্যে ধীরে ধীরে তৈরি হওয়া আবেগের সম্পর্কেরও ইঙ্গিত রয়েছে। একটি আকস্মিক সাক্ষাৎ থেকেই শুরু হয় তাদের যাত্রা। মেয়েটির বাবা-মায়ের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান করতে গিয়ে সুরিকেও এমন এক সমস্যার মুখোমুখি হতে হয়, যার সহজ কোনো ব্যাখ্যা তার জানা নেই।

বালাকৃষ্ণের জনপ্রিয় সংলাপের উল্লেখ
তেলুগু ট্রেলারের অন্যতম আকর্ষণ নন্দমুরি বালাকৃষ্ণের কণ্ঠে ভয়েসওভার। সেখানে তার জনপ্রিয় সংলাপ “ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল। ইফ ইউ ট্রাবল দ্য ট্রাবল, ট্রাবল ট্রাবলস ইউ।”র উল্লেখ রয়েছে।
ট্রেলার প্রকাশের পর থেকেই বালাকৃষ্ণের কণ্ঠ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটির প্রচারে দক্ষিণ ভারতের একাধিক জনপ্রিয় অভিনেতার কণ্ঠ ব্যবহার করা হয়েছে। মালয়ালম সংস্করণে কণ্ঠ দিয়েছেন মোহনলাল। তামিল ট্রেলারে রয়েছে কমল হাসানের কণ্ঠ, আর তেলুগু সংস্করণে বালাকৃষ্ণের ভয়েসওভার শোনা যাবে।

ফাহাদের প্রথম তেলুগু প্রধান চরিত্র
‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’ ফাহাদ ফাসিলের ক্যারিয়ারে বিশেষ একটি ছবি। কারণ, তেলুগু সিনেমায় প্রধান চরিত্রে এটাই তার প্রথম কাজ। তার সঙ্গে অভিনয় করেছেন শিশু অভিনেত্রী সারা পালেকর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ সচদেবও।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শশাঙ্ক ইয়েলেতি। সংগীত পরিচালনা করেছেন কালা ভৈরব। শোবু ইয়ারলাগাড্ডা, প্রসাদ দেবিনেনি ও এসএস কার্তিকেয়া প্রযোজিত ছবিটি তৈরি হয়েছে আরকা মিডিয়াওয়ার্কস ও শোয়িং বিজনেসের ব্যানারে।
ছবিটি প্রথমে ১১ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করে ২ অক্টোবর করা হয়। নতুন সূচি অনুযায়ী, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









