বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট রসিক চন্দ্র (আরসি) মহাবিদ্যালয়ের দীর্ঘদিনের সংকট কাটিয়ে শিক্ষার পরিবেশে গতি ফেরানোর আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান। কলেজটির সাবেক শিক্ষার্থী হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অবকাঠামোগত সংকট, শিক্ষক সংকট, একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
কলেজের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী রাজিব আহসান সভায় শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও সমস্যাগুলো বিস্তারিতভাবে শোনেন। শিক্ষকরা কলেজের বিভিন্ন সীমাবদ্ধতার পাশাপাশি সম্ভাবনার বিষয়গুলোও তুলে ধরেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, পাতারহাট আরসি কলেজের অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, মন্ত্রী, সচিব, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন। অথচ প্রয়োজনীয় সহযোগিতা ও সুদৃষ্টির অভাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বর্তমানে অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। শিক্ষার্থীদের কমন রুম, লাইব্রেরি ও খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। এসব কারণে কলেজে নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে কাঙ্ক্ষিত প্রাণচাঞ্চল্য ফিরছে না।
সভায় এসব সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং একাডেমিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে শিক্ষকদের মতামত নেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
মতবিনিময় শেষে রাজিব আহসান বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই কলেজটির অচলাবস্থার বিষয়টি আমার নজরে এসেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত পাতারহাট সরকারি আরসি কলেজকে দীর্ঘদিনের সীমাবদ্ধতা থেকে বের করে একটি প্রাণবন্ত, আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
কলেজটির উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াসহ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা আশা প্রকাশ করেন, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে কলেজটির দীর্ঘদিনের সংকটগুলো ধীরে ধীরে কাটবে এবং ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও প্রাণবন্ত শিক্ষা পরিবেশ ফিরে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









