গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (৩০) ও তার স্বামী আল আমিন। আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে রেললাইনের পাশে এক যুবক ও এক যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রিনার স্বজনদের দাবি, প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
স্বজনদের ভাষ্য, সম্প্রতি ওই দম্পতি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









