কখনো কবিতায়, কখনো গল্পে—হৃদয়ের গভীরে জমে থাকা অনুভূতির উন্মুক্ত প্রকাশ ঘটেছে সাহিত্যের পাতায়। এমনই সৃজনশীল আবহে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার উন্মোচন।
শুক্রবার (৮ অগাস্ট) বিকেল ৪ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার ১৭তম বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও নতুন প্রজন্মের লেখকদের বিকাশ নিয়ে উঠে আসে নানা আলোচনা।
সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টগড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘বাবুই’ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাছিবুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা ডা. এস দাস, কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস, কবি মাসুম খান, কবি এ কে এম মোস্তফাসহ সাহিত্য পরিষদের অন্যান্য কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, মানুষের মনের ভাবনা, অনুভূতি ও জীবনবোধ প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম সাহিত্য। সাহিত্যচর্চা শুধু বিনোদন নয়, বরং সমাজ ও সময়কে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। নতুন লেখকদের সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য পত্রিকাগুলোর ভূমিকা অপরিসীম।
বক্তারা আরো বলেন, স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে নিয়মিত সাহিত্য আয়োজন ও প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘বাবুই’ সাহিত্য পত্রিকা দীর্ঘদিন ধরে কবি-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম প্রকাশের পাশাপাশি সাহিত্যপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে যাচ্ছে।
পরে অতিথি ও কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ‘বাবুই’ সাহিত্য পত্রিকার ১৭তম বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত কবি-সাহিত্যিকরা পরস্পরের সঙ্গে সাহিত্য ভাবনা ও সৃষ্টিশীল অভিজ্ঞতা বিনিময় করেন। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









