অ্যাকশন, রাগ, প্রতিশোধ, লোভ আর অন্ধকার অতীত সব মিলিয়ে নতুন এক জগৎ নিয়ে হাজির হয়েছে ইয়াশ বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। ৮ আগস্ট প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। এতে ইয়াশকে ঘিরেই তৈরি হয়েছে গল্পের মূল সংঘাত। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে কিয়ারা আদভানি, নয়নথারা, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তকে।

গীতু মোহানদাস পরিচালিত ছবিতে ইয়াশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে—রায়া ও রুমি। ট্রেলারে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, রক্তপাত ও হাতাহাতির নানা দৃশ্য রয়েছে। এর পাশাপাশি উঠে এসেছে নারীবিদ্বেষ, হৃদয়ভাঙা, ক্ষমতার লড়াই ও লোভের মতো বিষয়।
ট্রেলারের শেষদিকে রায়া ও ‘টক্সিক’-এর মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যায়। একই সঙ্গে ইঙ্গিত মিলেছে বাবা ও ছেলের আদর্শগত সংঘাতেরও। ফলে ছবিটি শুধু অ্যাকশননির্ভর নয়, পারিবারিক ও মানসিক দ্বন্দ্বও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

ছবিতে কিয়ারা আদভানি অভিনয় করেছেন নাদিয়া চরিত্রে। নয়নথারা রয়েছেন গঙ্গা চরিত্রে। তারা সুতারিয়া রেবেকা এবং রুক্মিণী বসন্ত মেলিসা চরিত্রে অভিনয় করেছেন। হুমা কুরেশিকে দেখা যাবে এলিজাবেথের ভূমিকায়।
‘টক্সিক’ একই সঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করা হবে। নির্মাতাদের লক্ষ্য ছবিটিকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরে ছবিটির শুটিং হয়েছে।
ছবির কারিগরি দলও বেশ শক্তিশালী। জাতীয় পুরস্কারজয়ী চিত্রগ্রাহক রাজীব রবি, সংগীত পরিচালক রবি বসরুর, সম্পাদক উজ্জ্বল কুলকার্নি ও প্রোডাকশন ডিজাইনার টি পি আবিদ রয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। অ্যাকশন পরিচালনায় হলিউডের জন উইক খ্যাত জে জে পেরির সঙ্গে কাজ করেছেন ভারতীয় স্টান্ট বিশেষজ্ঞ অনবড়িব ও কেচা খামফাকদি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘মনমোহকা’, যেখানে ইয়াশের সঙ্গে দেখা গেছে তারা সুতারিয়া ও কিয়ারাকে। এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানটি যশ-কিয়ারার রসায়ন ও ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল।
ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশ প্রযোজিত ‘টক্সিক’ ২৬ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









