জাতীয় দৈনিক এদিন-এ "গোলাপগঞ্জ পৌরসভার নাকের ডগায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী" শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে গোলাপগঞ্জ পৌরসভা। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনেকেই নির্ধারিত ডাস্টবিন বা নির্ধারিত স্থান ব্যবহার না করে রাস্তার পাশে ও বিভিন্ন উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পৌর এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিককে নিজ নিজ বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্ধারিত ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।
বিশেষভাবে জানানো হয়েছে, লাজিজ রেস্টুরেন্ট ও জান্নাত চক্ষু হাসপাতালের মধ্যবর্তী স্থানে কোনো অবস্থাতেই ময়লা-আবর্জনা ফেলা যাবে না। এর পরিবর্তে পৌরসভার নির্ধারিত বর্জ্য ফেলার স্থান ব্যবহার করতে বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, কেউ নির্দেশনা অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ০১৬১৩-২৭৭২০০ নম্বরে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছে পৌরসভা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সংবাদ প্রকাশের পর নেওয়া এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও কার্যকর তদারকির মাধ্যমে পুরো পৌর এলাকায় একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









