বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৮ আগস্ট) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য দেন বলে।
আব্দুল মুক্তাদির বলেন, “লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়নের প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, ‘‘বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।’’
বাণিজ্যমন্ত্রী বলেন, “উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে প্রতিযোগিতামূলক করতে হলে একদিকে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে হবে, অন্যদিকে অর্থায়নের খরচ কমাতে হবে।”
শিল্প উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি গ্যাস সংযোগ সহজ করা ও কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত শিল্পপার্কে শিল্প উদ্যোক্তাদের জন্য শুধু অবকাঠামো তৈরি করেই দায়িত্ব শেষ করা হবে না। সেখানে কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ মেয়াদে টেকসই করার উদ্যোগ নেওয়া হবে।
শিল্পপার্কে প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তারা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে জেলার সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের জায়গা ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









