বরগুনার বেতাগীতে বসতঘরে ঢুকে এক বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. রুমা বেগম (৪৫) বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে বেতাগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী গ্রামের সুলতান নামে এক ব্যক্তি একই বাড়ির মৃত লাভলুর স্ত্রী রুমা বেগমকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে অনৈতিক ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন সুলতান। এরই জেরে গত শনিবার সুলতান জোরপূর্বক রুমা বেগমের বসতঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে সুলতান ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে ওই নারীর ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করে জখম করে।
এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রুমা বেগম বলেন, "সুলতান ও তার লোকজন দীর্ঘদিন ধরে আমাকে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন তারা ঘরে ঢুকে আমাকে নির্যাতন ও শ্লীলতাহানি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চাই।"
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-আর-রশিদ হাওলাদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









