একটি কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের ১০ নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।
আহত জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।
খবর পেয়ে তিনি কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন বাপ্পী। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করা হয়। এতে তিনি সহ ১০ জন আহত হন বলে দাবি করেন তিনি।
বাপ্পী আরও অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকায় প্রকাশ্যে বিভিন্ন অপকর্ম চালালেও তাদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই।
অন্যদিকে স্থানীয়দের কয়েকজন জানান, একটি কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়ে। পরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০-১৫ জন নেতাকর্মী সেখানে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় বলে তারা জানান।
আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান অভিযোগ করেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহ-সভাপতির ওপর হামলা চালিয়েছে।’ তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু বলেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









