বরিশাল নগরের কাউনিয়া থানার সাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
গত শনিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাপানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন নগরের পোল এলাকার বাসিন্দা মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান (২৫) এবং ভাটিখানা এলাকার খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৫)।
কাউনিয়া থানা পুলিশ জানায়, সাপানিয়া এলাকায় মজিবুর রহমান সৈকতের মালিকানাধীন একটি ঘেরের কাজে ব্যবহৃত টিনের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সেখানে থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের হেফাজত ও ড্রামটি তল্লাশি করে দুটি ধারালো ছোড়া, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা এবং দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক মজিবুর রহমান সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তিনি সাপানিয়া এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আটক মেহেদী হাসান ও আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগে কোনো মামলা নেই। তবে পলাতক মজিবুর রহমান সৈকতের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









