চাঁপাইনবাবগঞ্জে জালনোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার জালনোটসহ দুই কারিগরকে আটক করেছে র্যাব-৫। শনিবার (৮ আগস্ট) দিবাগত গভীর রাতে পৌরসভার আরামবাগ-বালুবাগান এলাকার একটি ৩ তলা ভবনে কয়েক ঘণ্টার ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের জাল মুদ্রার অন্তত ২৫টি বান্ডিল ও তৈরির বিভিন্ন সরঞ্জাম।
আটক ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল ওই বাড়িতে অভিযান চালায়। ভবনটিতে দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন দেশের জালনোট তৈরির কারখানা চালানো হচ্ছিল। আটক দুজন এই কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, জালনোট তৈরি চক্রের মূল হোতা এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









