চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল রুপি ও বিভিন্ন দেশের জালনোট তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকার একটি ৩ তলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের ২৫ বান্ডিল জাল বিদেশি মুদ্রা এবং নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। ওই বাড়িটি দীর্ঘদিন ধরে জালনোট তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং গ্রেপ্তারকৃত দুজন সেখানে কারিগর হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, এই জাল মুদ্রা তৈরি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









