গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান,যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









