সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং সরকারি আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বানের মধ্য দিয়ে পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, ‘ব্রেড’, ‘বাঁচতে চাই’ ও ‘এসডিকেএস’-এর যৌথ উদ্যোগে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সম্মেলনটির আয়োজন করা হয়।
আদিবাসী নেত্রী অনিতা রানী মুরাদির সভাপতিত্বে সম্মেলনে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী সিভিল জজ মো. আজহারুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
মো. আজহারুল ইসলাম বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, ভরণপোষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত নারীরা এ সহায়তা নিতে পারেন।
তিনি আদিবাসী নারীদের নিজেদের আইনগত অধিকার সম্পর্কে জানার এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত প্রতিকার নিতে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, সমতলের আদিবাসী নারীরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য ও সহিংসতার শিকার হন। অনেকেই আইনগত প্রতিকার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক এবং সম্পত্তি ও উত্তরাধিকারসহ সংশ্লিষ্ট আইন সম্পর্কে তাদের সচেতন করা জরুরি।
সম্মেলনে আদিবাসী নারীদের বিপুলসংখ্যক প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
বক্তারা আদিবাসী নারীদের অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









