ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিতে উচ্ছ্বাস আর শিরোপা জয়ের আনন্দ—এভাবেই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নেত্রকোনার সরকারি শিশু পরিবার (বালক)-এর আন্তঃপরিবার ফুটবল টুর্নামেন্ট। দুই গ্রুপে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বড়দের বিভাগে পদ্মা পরিবার এবং ছোটদের বিভাগে সুরমা পরিবার চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খন্দকার মুশফিকুর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে বড়দের জন্য ‘ক’ এবং ছোটদের জন্য ‘খ’—এমন দুটি গ্রুপ করা হয়। প্রতিটি গ্রুপে চারটি করে দল অংশ নেয়। দুই গ্রুপে ১২টি করে মোট ২৪টি ম্যাচ শেষে ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ফল নির্ধারিত হয়।
বড়দের গ্রুপে পদ্মা পরিবার চ্যাম্পিয়ন এবং মেঘনা পরিবার রানার্সআপ হয়। ছোটদের গ্রুপে শিরোপা জেতে সুরমা পরিবার। এ বিভাগে যমুনা পরিবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ চার দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক। শুধু ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পরে প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি শিশু পরিবার (বালক), নেত্রকোনার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য এস এম মনিরুজ্জামান দুদু, শরিফুল আলম সবুজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের উপস্থিতিতে শিশুদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। খেলাধুলার মধ্য দিয়ে দলগত মনোভাব, শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ পায় শিশুরা।
সংশ্লিষ্টদের মতে, শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা এবং মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









