মৌলভীবাজারের বড়লেখায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসীদের অধিকার, ভূমির মালিকানা ও জীবনমান উন্নয়নে সরকারের কাছে ১৪ দফা দাবি জানানো হয়।
রবিবার (৯ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি নারায়ণ কুর্মী, উপজেলা সাধারণ সম্পাদক এলিয়াস বারে, সহসভাপতি সুখমন আমসে, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ, আদিবাসীদের সাংবিধানিক ও প্রথাগত ভূমির মালিকানার স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও উন্নয়ন অধিদপ্তর গঠনের দাবি জানান।
বক্তারা আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আদিবাসীদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দিতে হবে। তাদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় নির্মাণ, উচ্চশিক্ষায় কোটা ও শিক্ষাবৃত্তি এবং বিলুপ্তপ্রায় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিশেষ তহবিল গঠন করতে হবে।
আদিবাসীদের ভূমি ও জীবন-জীবিকায় প্রভাব ফেলে—এমন কোনো প্রকল্প তাদের সম্মতি ছাড়া গ্রহণ না করারও দাবি জানান বক্তারা। সামাজিক বনায়ন, পর্যটনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাদের মতামত ও সম্মতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপোন কুর্মী ও জসিন্তা সুমের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









