বরিশালের মেহেন্দিগঞ্জে একটি ঘের থেকে সাড়ে ৭ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে রাজিব বেপারী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা গ্রামে রাজিবের লিজ নেওয়া একটি ঘেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চরহোগলা এলাকায় রাজিবের একটি ঘের রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে রাজিবের দেখানো জায়গা থেকে বিভিন্ন গাছের আড়ালে উঁচু টবে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা প্রায় সাড়ে ৭ ফুট।
অভিযানের সময় রাজিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, রাজিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, ‘‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজিবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।’’
তিনি আরও বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক ব্যবসা ও চাষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









