সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে দিরাই পৌরসভার আখড়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাবেদ মিয়া দিরাই পৌর এলাকার চন্ডীপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি চৌকস দল আখড়া পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটককৃত জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









