জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম একেএম ছামিউল হক (২৭)। তিনি জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুরে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছোটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় রডবোঝাই একটি ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী জজ একেএম ছামিউল হক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও সড়কে ট্রাকটি কী কারণে দাঁড়িয়ে ছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









