রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর এ বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাসের হারে এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। মোট ১৬ হাজার ১১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ১২২ জন ছাত্র।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭১৩টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বছরের তুলনায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য অবনতি হয়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সে সময় জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ১৩ দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ২১৪ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার পাসের হার এবং জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









