দুর্গম পার্বত্য এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয়দের প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন এতে অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও)।
প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়া ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার পর দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত ব্যক্তি থাকলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মসূচির পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া স্থানীয়রা জানান, জরুরি অবস্থায় নিজের পরিবার ও আশপাশের মানুষের প্রাথমিক চিকিৎসায় সহায়তা করার মতো বাস্তব জ্ঞান তারা পেয়েছেন। পাশাপাশি ফার্স্ট এইড কিট পাওয়ায় প্রশিক্ষণের বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করাও সহজ হবে।
স্থানীয়দের মতে, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি জনগণকে জরুরি চিকিৎসায় সক্ষম করে তোলার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও বিস্তৃত হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তা কার্যকর ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









