সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয়ে ঝালকাঠিতে পরিবেশ রক্ষা বিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে ঝালকাঠি পৌরসভার ব্যবস্থাপনায় শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মোসা. সাহিন সুলতানা, সহকারী প্রকৌশলী (সিভিল) টি এম রেজাউল হক রিজভী এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বাল্যকাল থেকেই গাছ লাগানো ও তা পরিচর্যার মানসিকতা গড়ে তোলা গেলে একটি টেকসই ও পরিবেশবান্ধব সমাজ নির্মাণ সম্ভব হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে এ বার্তা পৌঁছে দিতেই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









