পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুই বাসচালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় পাবনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনে নির্ধারিত মাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপন ও ব্যবহারের অপরাধে দুটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









