পাবনার চাটমোহরে দিনের ব্যস্ত সময়ে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে ব্যস্ত সড়কের পাশে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে অ্যাডভোকেট মঞ্জুর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় অ্যাডভোকেট মঞ্জু আদালতের কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী তাসনিমা। তার দাবি, সকাল ১১টার পর এক নারী একটি ছোট শিশুকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে পানি চান। পরে ওই নারী ঘরের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আরও তিনজন পুরুষ সেখানে ঢোকেন।
তাসনিমার অভিযোগ, ওই চারজন তাকে হাত-পা বেঁধে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান। অভিযুক্তদের কারও মুখ ঢাকা ছিল না বলে জানান তিনি। তবে কাউকেই চিনতে পারেননি।
খবর পেয়ে অ্যাডভোকেট মঞ্জু পাবনা থেকে বাড়িতে এসে একই অভিযোগ করেন, বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দিনের ব্যস্ত সময়ে সড়কের পাশে এমন ঘটনা ঘটলেও আশপাশের কেউ বিষয়টি টের পাননি।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









