সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমদ ও সতিন রুশনা বেগমকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার একই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে জিয়াসমিন আক্তারকে তার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। রশিদ আহমদের প্রথম স্ত্রীর কোনো সন্তান না থাকায় পরবর্তীতে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী জিয়াসমিনের পর পর ৪ সন্তান জন্মের পর থেকে প্রথম স্ত্রী রুশনা আক্তারের প্ররোচনায় স্বামী রশিদ আহমদ দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করে আসছে। মঙ্গলবার দুপুর ১২টায় স্বামী-সতিন মিলে জেসমিনের মাথার চুল কেটে ফেলে এবং লাটি দিয়ে মারপিট করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বাড়ির ও আশাপাশের লোকজন জেসমিনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও অপর স্ত্রী রুশনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিন্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









